বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রথম জাতীয় বাজেট দিয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রস্তাব করেন।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাজেটটিকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা বলেন তিনি।
আতিক মুজাহিদ বলেন, ‘সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকা ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ প্রস্তাবিত ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। আমার ধারণা, রাজস্ব আদায়ে দুই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে।’






