
বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিলের অবস্থান অনন্য। একমাত্র দেশ হিসেবে ব্রাজিল বিশ্বকাপের প্রতিটি আসরে অংশগ্রহণ করেছে। বিশ্বকাপের সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়নও ব্রাজিল।
ফিফা বিশ্ব কাপের ইতিহাসে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপা জিতে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে। এই অর্জন শুধু পরিসংখ্যানের বিষয় নয়; এটি ফুটবল সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি।
ব্রাজিলের ফুটবল ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য কিংবদন্তির নাম। পেলে শুধু ব্রাজিল নয়, গোটা ফুটবল বিশ্বের এক অমর নাম। তিনটি বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তিকে অনেকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করেন।
তার পরবর্তী সময়ে জিকো, রোমারিও, রোনাল্ডো, রোনালদিনহো, কাকা, রিভাল্ডো কিংবা নেইমার-এর মতো তারকারা বিশ্ব ফুটবলকে সমৃদ্ধ করেছেন।
বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের অবদান শুধু শিরোপা জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বকাপকে জনপ্রিয় করে তুলতেও দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক ব্রাজিলের খেলা দেখতে মুখিয়ে থাকেন।
অনেক নিরপেক্ষ সমর্থকও বিশ্বকাপে ব্রাজিলের খেলা উপভোগ করেন শুধুমাত্র তাদের নান্দনিক ফুটবলের কারণে। বিশ্বকাপের রঙিন আবহ, উন্মাদনা ও প্রত্যাশার সঙ্গে তাই ব্রাজিলের নাম স্বাভাবিকভাবেই জড়িয়ে গেছে।
ফুটবল ব্রাজিলের সমাজ ও অর্থনীতির সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। দেশটির বস্তি থেকে শুরু করে আধুনিক নগর পর্যন্ত সর্বত্র ফুটবল মানুষের জীবনের অংশ। অসংখ্য তরুণ ফুটবলকে স্বপ্ন পূরণের পথ হিসেবে দেখে।
সামাজিক বৈষম্য, অর্থনৈতিক চ্যালেঞ্জ কিংবা রাজনৈতিক সংকটের মধ্যেও ফুটবল ব্রাজিলবাসীকে এক সুতোয় গেঁথে রাখে। জাতীয় দলের সাফল্য পুরো জাতিকে একত্রিত করে, সৃষ্টি করে জাতীয় গৌরবের অনুভূতি।
তবে সাম্প্রতিক বছরগুলোয় বিশ্ব ফুটবলে প্রতিযোগিতা বেড়েছে। ইউরোপীয় দেশগুলোর শক্তিশালী ফুটবল কাঠামো এবং আধুনিক কৌশলের কারণে ব্রাজিলকে আগের চেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
তবুও বিশ্বকাপ এলেই সমর্থকদের অন্যতম প্রধান আলোচনার বিষয় থাকে ব্রাজিল কি এবার শিরোপা জিতবে? এই প্রশ্নই প্রমাণ করে বিশ্বকাপের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক কতটা গভীর।
বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে ব্রাজিলের বিপুল সংখ্যক সমর্থক রয়েছে। বিশেষ করে বিশ্বকাপের সময় ব্রাজিলের পতাকা, জার্সি ও সমর্থকদের উচ্ছ্বাস প্রমাণ করে যে দেশটির জনপ্রিয়তা ভৌগোলিক সীমারেখা অতিক্রম করেছে। ফুটবলপ্রেমীদের কাছে ব্রাজিল কেবল একটি দেশ নয়, বরং ফুটবলের দর্শন, আবেগ এবং ঐতিহ্যের নাম।
বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ আসর, আর ব্রাজিল সেই আসরের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি। তাই নিঃসন্দেহে বলা যায়, ব্রাজিল, ফুটবল আর বিশ্বকাপ—এই তিনটি নাম ইতিহাস, ঐতিহ্য ও আবেগের এমন এক বন্ধনে আবদ্ধ, যা একে অপরকে পরিপূর্ণ করে।
ফুটবল যতদিন থাকবে, বিশ্বকাপ যতদিন থাকবে, ততদিন ব্রাজিলের নামও বিশ্ব ফুটবলের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলতে থাকবে।
লেখক : ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট
জা ই / এনজি






