সকাল ৮:৪২ | শুক্রবার | ২ অক্টোবর, ২০২৬ | ১৭ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ২০ রবিউস সানি, ১৪৪৮

কক্সবাজারে ছেলের গুলিতে বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের রামুতে পারিবারিক বিরোধের জেরে ছেলের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোহাম্মদ আয়াছ (৬৫) নামে এক বৃদ্ধ। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত মোহাম্মদ আয়াছ রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং তেলখোলা এলাকার মৃত আমিন মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিজ বাড়িতে আয়াছ ও তার বড় ছেলে মো. জুবায়েরের (৩৭) মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জুবায়ের পিতাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, পুত্রের গুলিতে পিতার মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

হে উ / এনজি