জ্যেষ্ঠ প্রতিবেদক
২ জুন ২০২৬
‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুসারে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, হাওর অঞ্চলের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় অতিবৃষ্টিতে ফসলহানির কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ দিতে অগ্রাধিকার দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুরার জারি করে।
সার্কুলারে ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রস্তাবিত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুযায়ী কৃষক কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের মধ্যে যাদের ব্যাংক হিসাব রয়েছে, তাদের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।
এছাড়া সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে হাওর এলাকায় পাকা ধানসহ অন্যান্য ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক কর্মকাণ্ড সচল রাখা এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুনঃঅর্থায়ন তহবিল-সংক্রান্ত আগের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
টি আই / এনজি






