সকাল ১০:১৪ | বুধবার | ৪ নভেম্বর, ২০২৬ | ১৯ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮

সাফের আগে বাংলাদেশের অধিনায়কত্বে পরিবর্তন

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। বাফুফে আফিদাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেও সাফের আগে কোচ পিটার বাটলার অধিনায়ক বদল করেছেন। আজ ভারতের গোয়ায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে বাংলাদেশের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মারিয়া মান্দা।

বাংলাদেশ নারী ফুটবল দলে প্রায় এক দশক অধিনায়কত্ব করেছেন সাবিনা খাতুন। তার অধিনায়কত্বেই বাংলাদেশ টানা দুই বার সাফ চ্যাম্পিয়ন। কোচ বাটলারের সঙ্গে দ্বন্দের পর থেকে তিনি দলে ডাক পান না। তখনই আফিদাকে অধিনায়ক করে সংযুক্ত আরব আমিরাত সফর করে বাংলাদেশ। এরপর মারিয়া, ঋতুপর্ণারা ফিরে দুর্দান্ত পারফর্ম করলেও আফিদাকেই অধিনায়ক রেখেছিলেন বাটলার। আফিদার পারফরম্যান্স ও সিনিয়রটি তেমন না হলেও অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ পর্যন্ত তাকেই রেখেছেন বাটলার। এত দিনের আস্থাভাজন আফিদার থেকে টুর্নামেন্টের আগ মুহুর্তে আর্মব্যান্ড কেড়ে নিয়েছেন।

আগামীকাল ভুটান-নেপাল ও ভারত-মালদ্বীপ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে ঈদের দিন ২৮ মে মালদ্বীপের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ৩১ মে স্বাগতিক ভারতের বিরুদ্ধে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল ৩ জুন সেমিফাইনাল খেলবে। ৬ জুন টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ।

খা হি / এনজি