নিজস্ব প্রতিবেদক, সিলেট
২২ মে ২০২৬
সিলেটে ছিনতাইকারীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মারা গেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্য ইমন আচার্য্য। এ ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারী আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইমন আচার্য্য র্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন (কনস্টেবল নম্বর- ৬৯১৭৯০, বিপি নম্বর- ৯৮১৮২১৯২০৫)।
পুলিশ জানায়, দুপুরে সিলেট মহানগরের কোতোয়ালী থানার কিন ব্রিজ এলাকায় পুলিশের একটি টহল দল সন্দেহভাজন এক ছিনতাইকারীকে ধাওয়া করে। পালানোর সময় অভিযুক্তের মুখোমুখি হন সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্য্য। তাকে আটকানোর চেষ্টা করলে ছিনতাইকারী ছুরি দিয়ে ইমনকে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, অভিযুক্ত ব্যক্তি মাদকসেবী ও মাদক কারবারের সঙ্গে জড়িত। ছুরিকাঘাতের পর আতঙ্ক সৃষ্টি করে সে একটি আবাসিক বাসায় ঢুকে এক শিশুকে জিম্মি করার চেষ্টা করে। পরে পুলিশ সতর্ক অভিযানে তাকে নিরস্ত্র করে আটক করে এবং ঘটনাস্থল থেকে ব্যবহৃত ছুরিটি জব্দ করে।
ক হো/ এনজি






