রাত ২:২০ | শনিবার | ২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ৫ জিলহজ, ১৪৪৭

নিজের শৈশবের এক ভয়াবহ ও ট্রমাটিক অভিজ্ঞতা প্রকাশ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীর

নিজের শৈশবের এক ভয়াবহ ও ট্রমাটিক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন বর্তমান সময়ের অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি দেশের চলমান শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে প্রিয়ন্তী উর্বী লিখেছেন, কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শিখে। আমিও শিখেছিলাম। তাই নিজেকে সব সময় ব্যস্ত রাখি, যেন মাথার ভেতরের শব্দগুলো একটু শান্ত হয়।

উর্বী তার পোস্টে শৈশবের সেই দিনগুলোর মানসিক যন্ত্রণা ফুটিয়ে তুলে লিখেছেন, ৪-৫ বছরের একটা বাচ্চার মনে এসব ঘটনা কতটা ভয় ঢুকিয়ে দেয়, তা তিনি আজ অনুভব করতে পারেন। লেখেন, তখন বুঝতাম না, ঠিক কী হচ্ছে, শুধু মনে হতো, এটা স্বাভাবিক না। আব্বু-আম্মু তো কখনো এভাবে ধরেনি। আজ ভাবি, ৪-৫ বছরের একটা বাচ্চার মনে কতটা ভয় ঢুকে যায় এসব থেকে। কত প্রশ্ন, কত অস্বস্তি, কত-না বলা কান্না জমে থাকে বছরের পর বছর।

অভিনেত্রী জানান, যখনই কোনো শিশুর নির্যাতন কিংবা ধর্ষণের খবর সামনে আসে, তখন তিনি ভেতর থেকে ভেঙে পড়েন। উর্বী লিখেছেন, আমি আজও বিশ্বাস করি রেপিস্ট আর অ্যাবিউজারদের কঠিন শাস্তি হওয়া উচিত। কারণ, তারা শুধু একটা মানুষকে না, একটা শিশুর নিরাপত্তাবোধ, বিশ্বাস আর শৈশবকে মেরে ফেলে। আর একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, মানুষের কর্মের ফল একদিন না একদিন এই পৃথিবীতেই ফিরে আসে। আল্লাহ সব দেখেন।

 

 

ফা আ/ এনজি