বিনোদন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫
২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবির মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেন শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী। প্রথম ছবিতেই ‘রাজ্জো’ চরিত্রে তরুণ দর্শকের হৃদয় জয় করেন তিনি। এরপর ‘আকিরা’, ‘নুর’, ‘ডাবল এক্সএল’, ‘লুটেরা’, ‘দহাড়’ এবং ‘হীরামান্ডি’–এর মতো ছবিতে অভিনয় করে নিজেকে নানা চরিত্রে নতুনভাবে তুলে ধরেছেন।
এবার সোনাক্ষীকে দেখা যাবে প্রথমবারের মতো তেলেগু চলচ্চিত্রে। ছবির নাম ‘জটাধারা’—যা পরিচালনা করছেন ভেঙ্কট কল্যাণ ও অভিষেক জয়সোয়াল। দক্ষিণের এই ছবিতে আত্মপ্রকাশ নিয়ে তিনি উচ্ছ্বসিত।
ছবিটিতে সোনাক্ষী অভিনয় করেছেন এক ব্যতিক্রমী চরিত্রে—‘ধন পিশাচিনী’। পুরাণ, আধিভৌতিক ও থ্রিলারের মিশ্রণে নির্মিত এই চরিত্রকে তিনি জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
তার ভাষায়, এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। নির্মাতারা আমাকে এই চরিত্রের জন্য ভেবেছেন, এটা গর্বের। জানতাম, আমার মধ্যে এমন শক্তিশালী চরিত্রে অভিনয়ের সামর্থ্য আছে। আশা করি, এবার দর্শকদের সত্যিই ভয় দেখাতে পারব।
চরিত্রে ঢোকার প্রস্তুতির সময়ও ছিল মাত্র ১৫ দিন। তবুও সেটে পৌঁছেই চরিত্রের ভেতর ঢুকে গিয়েছিলেন তিনি।
সোনাক্ষী বলেন, আমি যত কম সময় পাই, তত মনোযোগী হই। ভেঙ্কট স্যার আমাকে সহজভাবে সব বুঝিয়ে দিয়েছেন, তাই ভাষা আলাদা হলেও কাজটা সহজ মনে হয়েছে।
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল ২০২৪ সালের ২৩ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হন।





