রাত ৩:২২ | বুধবার | ১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ২৯ মহর্‌রম, ১৪৪৮

হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যার হুমকি আইআরজিসির সাবেক কমান্ডারের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক এক শীর্ষ কমান্ডার বলেছেন, ইরান চাইলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের ভেতরে হামলা চালিয়ে হত্যা করতে পারে। ইরানি সংবাদমাধ্যম ফারারুকে দেওয়া সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম ওই হুমকি দিয়েছেন।

এই হুমকির পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনা নিয়েও মন্তব্য করেছেন মোকাদ্দাম। তিনি বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে এই আলোচনার লক্ষ্য কোনও শান্তি চুক্তিতে পৌঁছানো নয়।

মোকাদ্দাম বলেন, ‘‘আমরা শান্তির জন্য আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি না। আমরা উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি। ওয়াশিংটনের সঙ্গে ইরানের এই আলোচনার উদ্দেশ্য হলো ইসলামি প্রজাতন্ত্রের দাবিগুলোকে জোরালো করা।’’

তিনি বলেন, ‘‘আমরা ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সঙ্গে শান্তির জন্য আলোচনা করছি না। আলোচনায় আমরা কেবল আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চাই।

ইরানের সাবেক এই সামরিক কমান্ডার এমন এক সময়ে হোয়াইট হাউসে তেহরানের হামলার সক্ষমতা নিয়ে মন্তব্য করলেন, যখন দেশটিতে ফের নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

এমনকি ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন আঘাত হানারও হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তেহরানের সমালোচনা করে তিনি বলেছেন, বিতর্কিত হরমুজ প্রণালির ‘‘অভিভাবক’’ বা প্রহরী হবে যুক্তরাষ্ট্র। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘‘এখন আমরা এটি পাহারা দিতে যাচ্ছি এবং এই পাহারার জন্য আমাদের অর্থ প্রদান করা হবে।’’

 

 

সূত্র: মিডল ইস্ট মনিটর, দ্য নিউইয়র্ক পোস্ট।

আ ই / এনজি