রাত ৩:৪৩ | সোমবার | ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

স্বর্ণালী আবাসন প্রকল্পে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছে চেম্বার জজ আদালত

নিজস্ব প্রতিবেদক

১০ জুন ২০২৬

স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের স্বর্ণালী আবাসন প্রকল্পের কার্যক্রমের ওপর হাইকোর্ট বিভাগের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। বুধবার চেম্বার জজ আদালতের বিচারপতি ফারহা মাহবুব হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে এই স্থগিতাদেশ দেন।

চেম্বার আদালতের এই সিদ্ধান্তের ফলে স্বর্ণালী আবাসন প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা থাকল না বলে সংশ্লিষ্ট আইনজীবী জানান।

আদালত সূত্রে জানা যায়, গত ১ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এক আদেশের মাধ্যমে এই আবাসন প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। পরবর্তী সময়ে ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল বিভাগে ‘সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ১৭০৬/২০২৬’ করে স্বদেশ প্রপার্টিজ লিমিটেড।

সেই আবেদনের ওপর শুনানি শেষে চেম্বার জজ আদালত হাইকোর্টের আগের আদেশটি স্থগিত করার সিদ্ধান্ত দেন।

 

 

জা ই / এনজি