বিনোদন ডেস্ক
বলিউড রূপালী পর্দার অন্যতম প্রভাবশালী ও দক্ষ অভিনেত্রী কারিনা কাপুর খান নিজের রূপ আর অভিনয়ের জাদু ছড়িয়ে ফ্যাশন দুনিয়ায় বরাবরই ট্রেন্ড সেট করেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এই তারকা। জীবনের নানা বিশেষ মুহূর্ত কিংবা ফ্যাশনেবল রূপের ঝলক ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়মিতই খবরের শিরোনাম হন তিনি।
এবার নীল সমুদ্রের নোনা বাতাসে এক ফালি প্রিন্টেড স্কার্ফ মাথায় পেঁচিয়ে নতুন রূপে ধরা দিয়ে নেটিজেনদের মাঝে আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছেন এই ‘বেবো’। সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নীল সমুদ্রের মনোরম পটভূমিতে তোলা বেশ কিছু ঝলমলে ছবি পোস্ট করেছেন কারিনা।
ছবিগুলোতে তার অনায়াস উপস্থিতি, সতেজ ভাব আর নিখাদ খোশমেজাজ সহজেই নজর কাড়ে। লাল বিকিনি টপের ওপর ডোরাকাটা হালকা নীল শার্ট পরা কারিনার মাথায় ছিল নীল রঙের প্রিন্টেড ব্যান্ডানা বা স্কার্ফ। গলায় সূক্ষ্ম লকেটের চেইন, নো-মেকআপ লুক আর রোদে উড়তে থাকা চুলে এক অনবদ্য ক্যাজুয়াল সামার ভাইব ফুটে উঠেছে তার প্রতিটি ফ্রেমে।

শেয়ার করা ছবিগুলোর মধ্যে ভক্তদের চোখ বেশি আটকেছে অভিনেত্রীর মাথার সেই নীল স্কার্ফটিতে। কাপড়ের এই সাধারণ অনুষঙ্গটির প্রতি নিজের আলাদা টানের কথা লুকিয়ে রাখেননি কারিনা নিজেও।

ছবিগুলোর ক্যাপশনে ভালোবাসার অনুভূতির কথা জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘যেমনটা দেখতে পাচ্ছেন, এই স্কার্ফটি আমার ভীষণ পছন্দ হয়েছে।’
ছবিগুলো ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই অনুরাগী ও নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। একদল ভক্ত কারিনার চিরসবুজ রূপের বন্দনা করে মন্তব্যের ঘর ভাসিয়ে দিয়েছেন।

কেউ লিখেছেন, “বয়স যেন আপনার কাছে শুধ একটি সংখ্যা”, আবার কেউ মুগ্ধতা প্রকাশ করেছেন তার অনন্য ফ্যাশন সেন্সের। তবে প্রশংসার পাশাপাশি কটাক্ষ করতেও ছাড়েননি সমালোচকদের একাংশ। অনেকে রসিকতা ও কটূক্তি করে মন্তব্য করেছেন, ‘দাদি’।
ফা আ/ এনজি






