রাত ৯:০৩ | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১২ রবিউস সানি, ১৪৪৮

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার সৌদি আরবের তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ‌‌‘‘সন্ত্রাসী হুথি গোষ্ঠীর এই উসকানিমূলক কর্মকাণ্ড ও লঙ্ঘন কঠোর হস্তে দমন করা হবে।’’

হুথিদের নতুন করে চালানো এই হামলার কয়েক ঘণ্টা আগে ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কা নগরীসহ সৌদির একাধিক অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়। বৃহস্পতিবার দেশটির জাতীয় আগাম সতর্কীকরণ ব্যবস্থা ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম এই সতর্কতা জারি করে।

তবে সতর্কবার্তা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা তুলে নেওয়া হয়। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালানোর ঠিক আগমুহূর্তে সাধারণত এই সতর্কসংকেত সচল হয়ে ওঠে।

এর কয়েক দিনের মাথায় ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সৌদির রাজধানী রিয়াদে বড় ধরনের হামলা চালায়; যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

 

 

সূত্র: এএফপি

জা ই / এনজি