রাত ১০:১৮ | শুক্রবার | ২৯ মে, ২০২৬ | ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ১১ জিলহজ, ১৪৪৭

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

২৯ মে ২০২৬

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
 রাজধানীর কয়েকটি স্থানে কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার ঘটনায় ঢাকার দুই সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো প্রকার প্রোটোকল ছাড়াই বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন। এসময় কয়েকটি স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।’

প্রতিমন্ত্রী জানান, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার কিছু স্থানে কোরবানির বর্জ্যসহ আগের জমে থাকা ময়লা-আবর্জনা রাস্তার ওপরেই পড়ে ছিল। এসব দেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত (ওএসডি) করা হয়েছে এবং দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।’

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে বিকেল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বর্জ্য অপসারণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।’

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর গাড়িতে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও ছিলেন। এছাড়াও ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।

 

টি আই/ এনজি