সকাল ৮:১৯ | বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ দিনে কোনো প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২০ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলেও জানিয়েছেন সচিব।

ভোটগ্রহণের সার্বিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানিয়ে ইসি সচিব জানান, নির্ধারিত দিনে ভোটগ্রহণের শুরুতে নির্বাচনী কর্মকর্তা উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে কার্যক্রম শুরু করবেন। এবার রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট পেপারের বিশেষ নকশা অনুমোদন করা হয়েছে, যার রং হবে সাদার ওপর কালো প্রিন্ট।

ইসি সচিব বলেন, ভেটগ্রহণ শেষে তখনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। আমরা দেখবেন আমরা কত তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করতে পারি। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য (আদালতের নির্দেশে নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসন এখনো শূন্য রয়েছে)।

আখতার আহমেদ বলেন, বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মধ্যে কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি।

ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর বৈধ ও অবৈধ ভোট গণনা শেষে জাতীয় সংসদ কক্ষেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা। দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই ভোটগ্রহণ ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আগ্রহের সৃষ্টি হয়েছে।

হা স / এনজি