আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিয়ানমারের সংঘাতকবলিত রাখাইন রাজ্যের এক বাজারের কাছে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। সোমবার রাখাইনের ওই অঞ্চলের নিয়ন্ত্রণকারী একটি বিদ্রোহী গোষ্ঠী ও স্থানীয় এক ত্রাণকর্মীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কিয়াকতাওয়ের ওই বাজারে দায়িত্ব পালনরত একটি দাতব্য সংস্থার প্রধান ও স্থানীয় ত্রাণকর্মী ওয়েই হুন অং প্রাণহানির ওই সংখ্যা নিশ্চিত করেছেন।
উত্তর রাখাইনের নদীতীরবর্তী শহর কিয়াকতাওয়ের পরিস্থিতি উল্লেখ করে ত্রাণকর্মী ওয়েই হুন অং বলেন, এ এলাকাটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে অবস্থিত এবং চলমান সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না।
তবে মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় হতাহতের এই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। হামলার বিষয়ে জানতে যোগাযোগ করা হরেও তাৎক্ষণিকভাবে মিয়ানমার সরকারের মুখপাত্রের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
তবে এর আগে দেশটির সরকার বলেছিল, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী সর্বোচ্চ সংযম মেনে চলছে।
আরাকান আর্মি ও ওয়েই হুন অং বলেছেন, গত বছরের ডিসেম্বরে রাখাইনের পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটে। ওই হামলার পর কিয়াকতাওয়ের এই হামলার ঘটনাটিই রাখাইনে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী।
সূত্র: রয়টার্স, এএফপি।
আ ই / এনজি






