রাত ১২:১৮ | বুধবার | ৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ২২ মহর্‌রম, ১৪৪৮

মেসিদের সামনে মিশরের নতুন অস্ত্র হামজা?

স্পোর্টস ডেস্ক

মিশরের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ। তবে শুধু সালাহ নন, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন দলটির তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। বয়স মাত্র ১৮। কিছুদিন আগেই নাম লিখিয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। ইতোমধ্যে মিশরের ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অভিষেকের রেকর্ডও গড়ে ফেলেছেন। বলা হচ্ছে, চলতি বিশ্বকাপের অন্যতম বড় আবিষ্কার সে। মিশরীয় গণমাধ্যমগুলো তার নাম দিয়েছে ‘নতুন সালাহ’। 

সিনিয়র জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলেই মিশরের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন এই তরুণ স্ট্রাইকার। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ সালাহর বদলি হিসেবে মাঠে নেমে বহুকাঙ্ক্ষিত অভিষেকটাও সেরে ফেলেছেন। এবার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মানসিকতা প্রকাশ করে হামজা বলছিলেন, ‘আমি যখন মাঠে নামি, স্রেফ নিজের খেলাটা উপভোগ করি। মাঠের বাইরে কে কী বলল বা করল, তা নিয়ে আমি একদমই ভাবি না। আমার পুরো মনোযোগ শুধুই মাঠের খেলায়।’

কে এই হামজা আবদেলকারিম?

২০০৮ সালের ১ জানুয়ারি কায়রোতে জন্ম নেওয়া এই স্ট্রাইকারের ফুটবলে হাতেখড়ি মালয়েশিয়ায়, যেখানে তার বাবা ভলিবল কোচ হিসেবে কাজ করতেন। ২০২০ সালে তিনি মিশরের ঐতিহ্যবাহী ক্লাব আল আহলির যুব একাডেমিতে যোগ দেন। এরপর শুধুই ওপরে ওঠার গল্প। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মাত্র ১৭ বছর এক মাস বয়সে আল আহলির মূল দলে অভিষেক করে চলতি শতাব্দীতে ক্লাবটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন তিনি।

‘নতুন সালাহ’ খেতাব পাওয়া হামজা বার্সার যুব দলের হয়ে প্রথম ম্যাচেই ইতিহাস গড়েন। মাঠে নামার মাত্র ১৫ মিনিটের মধ্যে হেডে হ্যাটট্রিক করে দলকে লিগ শিরোপা জেতান। এরপর বার্সা বি টিমের হয়ে ১১ ম্যাচে ৮ গোল করার পর বার্সেলোনা ১.৫ মিলিয়ন ইউরোর বাই-আউট ক্লজ দিয়ে তাকে পাকাপাকিভাবে কিনে নেয়। বার্সার মূল দলের কোচ হ্যান্সি ফ্লিকও নিশ্চিত করেছেন, আগামী প্রি-সিজন ট্যুরে হামজা তার পরিকল্পনায় আছেন।

ইউরোপ মাতানো এই বিস্ময় বালককে মিশরের কোচ হোসাম হাসান সরাসরি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করেছেন। উইঙ্গারনির্ভর মিশরীয় স্কোয়াডে হামজাই একমাত্র খাঁটি ‘নাম্বার নাইন’ (স্ট্রাইকার)। আজ রাতে মেসি-স্কালোনিদের ডিফেন্স লাইনের জন্য এই মিশরীয় রত্নই বড় মাথা ব্যথার কারণ হতে পারেন।

কা হি / এনজি