রাত ১২:২৮ | বৃহস্পতিবার | ১৮ জুন, ২০২৬ | ৪ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ২ মহর্‌রম, ১৪৪৮

‘ব্যাটারদের তাড়াহুড়োতেই আমরা ম্যাচ হেরেছি’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ১৩১ রানে থামে বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও এখানে বড় স্কোর গড়া সহজ হবে না, সেটা বুঝেছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবুও ক্রিকেটারদের তাড়াহুড়োতেই বাংলাদেশ হেরেছে বলে জানিয়েছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের।

উইকেট নিয়ে তালহা জুবায়ের বলেন, ‘উইকেট দেখে বুঝেছিলাম এটা ২০০ রানের উইকেট না। পাওয়ারপ্লেতে ভালো শুরু হলেও ব্যাটাররা ভেবেছে সব বলই মারা যাবে। কিন্তু সব বল মারার মতো ছিল না। বাতাসের ফ্যাক্টরও ছিল, না হলে ইমনের শটটা হয়তো ছক্কা হতো।’

পেস বোলিং কোচ আরও বলেন, ‘ইনিংসটা দাঁড় করাতে পারলে ভালো হতো। আমার মনে হয় ব্যাটাররাও আমার সাথে একমত হবে। ২০-৩০ রানের জুটি হলেও দৃশ্যটা ভিন্ন হতো।’

বাউন্ডারি বড় ছিল কি না, এমন প্রশ্নে তালহা জানান, ‘আপনার পার্টনার যখন ভালো মারছে আর উইকেটে বল আসছে, তখন আপনি সিদ্ধান্ত বদলে নিতেই পারেন। আমাদের ভুল ছিল, উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। মেহেদীও এক ওভারে পরপর ৩টি চার মেরেছে। সেখানে যদি জেনুইন একজন ব্যাটার ব্যাট করত, অজিদের কাজ আরও কঠিন হতো।’

শা হা / এনজি