ভোর ৫:১৪ | রবিবার | ৪ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ২২ রবিউস সানি, ১৪৪৮

বিমানবন্দরে বিশৃঙ্খলা : একদিনের রিমান্ডে আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

ম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলাসহ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষ জানায়, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামানের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। এ নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে শুনানি হয়। শুনানি শেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়। মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতি করলেও ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান। যদিও ২০২২ সালে পঞ্চমবারের মতো তাকে বহিষ্কার করেছিল বিএনপি।

 

 

আ হো / এনজি