মধ্যপ্রচ্যে সংঘাতের কারণে ইরানের আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। তারা টুর্নামেন্টে খেলবে। সবগুলো ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। তবে তাদের অনুশীলন হবে প্রতিযোগিতার আরেক আয়োজক দেশ মেক্সিকোতে।
ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ ফেডারেশনের গণমাধ্যম কর্মকর্তার মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। অবশ্য ফিফা এই পরিবর্তনের বিষয়টি এখনো নিশ্চিত করেনি।
ফেডারেশন জানিয়েছে, সান ডিয়েগোর ঠিক দক্ষিণে মেক্সিকোর তিজুয়ানায় তাঁবু বসাবে তাদের দল। তাজ এক বিবৃতিতে জানান, ‘বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর সব দলের বেস ক্যাম্প অবশ্যই ফিফার অনুমোদিত হতে হবে। সৌভাগ্যবশত, আমাদের অনুরোধের প্রেক্ষিতে এবং ইস্তানবুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর, পাশাপাশি গতকাল তেহরানে ফিফা মহাসচিবের সঙ্গে ওয়েবিনার বৈঠক শেষে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে দলের ঘাঁটি সরিয়ে নেওয়ার অনুরোধ অনুমোদিত হয়েছে।’
দেশটির ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেস ক্যাম্প সরানোর ফলে সম্ভাব্য ভিসা জটিলতারও অবসান ঘটবে। প্রেসিডেন্ট বলেছেন, ইরান এয়ার ফ্লাইটে করে তারা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া আসা করবে।
ইরান টানা চতুর্থ ও সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপে খেলবে। জীবনেও তারা প্রথম রাউন্ডের বাধা পার করতে পারেনি।
শা হা/ এনজি






