বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় সংসদ অধিবেশন চলাকালে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ইসলামের অন্যতম ফরজ বিধান ‘পর্দা’ এবং নারী সংসদ সদস্যদের ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে যে আপত্তিকর, অবমাননাকর এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে বাজেট আলোচনার নির্ধারিত বিষয়বস্তু থেকে বিচ্যুত হয়ে মনিরুল হক চৌধুরী রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করতে গিয়ে ২০০৪ সালের একটি পারিবারিক দাওয়াতের মনগড়া গল্প টেনে আনেন। এক পর্যায়ে তিনি উপস্থিত সম্মানিত নারী সংসদ সদস্যদের ইঙ্গিত করে তাদের পোশাক ও পর্দা নিয়ে চরম আপত্তিকর ও ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেন। একজন আইনপ্রণেতার মুখ থেকে সংসদ অধিবেশনে এ জাতীয় অশালীন ও অসংযত বক্তব্য কোনোভাবেই কাম্য হতে পারে না।
জাতীয় সংসদে দাঁড়িয়ে ইসলামের একটি মৌলিক বিধান এবং সম্মানিত নারীদের মর্যাদা ক্ষুণ্ন করার যে অপপ্রয়াস চৌধুরী চালিয়েছেন, তা তার রাজনৈতিক দেউলিয়াত্ব ও সংকীর্ণ মানসিকতারই বহিঃপ্রকাশ। একজন রাজনীতিবিদের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের বাজেট, অর্থনীতি ও জনগণের কল্যাণ নিয়ে কথা বলা, ব্যক্তিআক্রমণ কিংবা ধর্মীয় বিধানকে উপহাস করা নয়।
তিনি বলেন, আমরা মনিরুল হক চৌধুরীকে ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো উসকানিমূলক এবং নারীদের মর্যাদাহানিকর বক্তব্য প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। একই সাথে, মহান সংসদের পবিত্রতা, পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সকল সংসদ সদস্যকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাই।
জা ই / এনজি






