রাত ১২:২৯ | মঙ্গলবার | ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮

দেশে নারী-শিশু নির্যাতন ও ছিনতাই-চাঁদাবাজি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘জাতীয় নারী শক্তি’।

মানববন্ধনে সংগঠনের শীর্ষ নেত্রীরা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আগের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেড়েছে। তরুণ সমাজ ব্যাপক হারে মাদক, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অথচ এসব অপরাধ দমনে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং জনবিচ্ছিন্ন। মন্ত্রী নিজের মূল দায়িত্ব ছেড়ে অন্য কাজে ব্যস্ত রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে তারা বলেন, তিনি চোখে কাঠের চশমা পরে আছেন বলেই জনগণের দুর্ভোগ ও দেশের বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন না। অবিলম্বে এই কাঠের চশমা খুলে রাজপথে এসে জনগণের জানমালের প্রকৃত অবস্থা দেখার আহ্বান জানান তারা।

অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশজুড়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা, এনসিপির কেন্দ্রীয় সদস্য দিলারা খানম ও নারীশক্তির বিভিন্ন স্তরের নেত্রীরা।

 

 

তো কা / এনজি