রাত ১০:১৩ | বৃহস্পতিবার | ৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২২ সফর, ১৪৪৮

দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রীর সাথে ছয় প্রশাসকের সাক্ষাৎ : মশক নিধন-বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করার জন্য নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

২৪ ফ্রেব্রুয়ারি ২০২৬

 

 

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দায়িত্বভার গ্রহন করেছেন ছয় সিটি করপোরেশনের প্রশাসক। এরপর তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় প্রধানমন্ত্রী তাদের মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করার জন্য নির্দেশ দিয়েছেন।

 

মঙ্গলবার সকালে সচিবালয়ে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনে আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে শফিকুল ইসলাম খান,খুলনার নজরুল ইসলাম মনজু, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়নগঞ্জ সিটি করপোরেশনের সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনের শওকত হোসেন সরকার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করে প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।

পরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যেহেতু এইসব পদে আগে সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে এখানে (সিটি করপোরেশনের প্রশাসক পদে) রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগন সেবা ভালোভাবে পাবে এবং বেশি পাবে। এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণে আমরা রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসকভাবে নিয়োগ দিয়েছি। এছাড়া জনগনের সাথেও গ্যাপটা কমবে।

ঢাকা মহানগর উত্তর, দক্ষিন, খুলনা, সিলেট, নারায়নগঞ্জ ও গাজীপুর সিটির করপোরেশনের প্রশাসক পদে বিএনপির ছয় নেতাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছয় সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপির এই ছয় নেতাকে নিয়োগ দেয় সরকার। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ ক এর উপ ধারা(১) অনুবৃত্তিক্রমে এই ছয় ব্যক্তিকে করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তি আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ।

এদিকে দায়িত্বভার গ্রহণ শেষে গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ৬টি সিটি করপোরেশনের প্রশাসকরা সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক আবদুস সালাম।

তিনি বলেন, ১৭ বছর পরে ফ্যাসিবাদমুক্ত হওয়ায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘদিন ধরে এই লোকাল গভর্মেন্ট বলা চলে অকার্যকর ছিল। তারা সবকিছু দলীয়করণ করেছিল এবং নির্বাচন কোথাও ছিল না। যেমনি জাতীয় নির্বাচন ছিল না, তেমনি স্থানীয় সরকারগুলো নির্বাচনের নামে তারা দখল করেছিল। তিনি আরও বলেন, জনগণের যে সেবাগুলো নিশ্চিত করা উচিত ছিল, সেগুলো নিশ্চিত না করে তারা একটি দলকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সেগুলো করেছিল। এই সরকার আসার পরে এখন জনগণের হারিয়ে যাওয়া যে সব অধিকার সেগুলো নিশ্চিত করার জন্যই আমরা মনে করি, প্রথমেই সিটি কর্পোরেশনগুলোতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব যাতে জনগণের যে ভোগান্তি এবং জনগণের যেসব দাবি সেগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছেনি, জনগণের সঙ্গে থেকে সেগুলো অনেকটা সমাধান করব। যেগুলো না পারবো, সেগুলো সরকারের কাছে এসে তুলে ধরা এবং সরকারের সহযোগিতা নিয়ে সেই সব বিষয়গুলোকে সমাধান করব।

ডিএসসিসির নতুন প্রশাসক বলেন, আজকে আমাদের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মন্ত্রীর কাছ থেকে আজকে আমরা দায়িত্ব বুঝে নিয়েছি। বুঝে নেওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে আমাদের কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী আমাদেরকে বলে কিছু নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো জানিয়ে তিনি বলেন, জনগণের যেসব অধিকার বঞ্চিত আছে, সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া, মশা নিধন করা, ক্লিনিং সিটি সমস্যা এবং নাগরিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন। আমাদেরকে বলেছেন, যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

 

 

জা ই / এনজি