ভোর ৫:০০ | সোমবার | ৩ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ১৯ সফর, ১৪৪৮

দলবদলের মধ্যে নতুন দলের অনুমতি, প্রত্যাহার রেলিগেশনও

জ্যেষ্ঠ প্রতিবেদক

ঘরোয়া ফুটবলের ২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার ফুটবল লিগের দলবদল চলছে। দলবদল চলার মধ্যেই বাফুফে আজ জরুরি নির্বাহী সভায় দল সংখ্যা বৃদ্ধি করেছে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে তৃতীয় হওয়া দল ঢাকা ওয়ান্ডারার্স এবং প্রিমিয়ার লিগে রেলিগেশনে থাকা আরামাবগ ক্রীড়া সংঘকে প্রিমিয়ার লিগে খেলার অনুমতি এসেছে আজকের জরুরি সভায়। 

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়েছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ও আরামবাগ ক্রীড়া সংঘ। বাইলজ অনুযায়ী লিগ থেকে দুই দল অবনমনের নিয়ম থাকলে এবার দলবদলের মাঝপথে সেটাও উঠে গেছে। আরামবাগ ও ফকিরেরপুল উভয়েই প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ফকিরেরপুল ফুটবলার দেনা-পাওনা পারিশ্রমিক সংক্রান্ত বিষয়ে ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে ফকিরেরপুলও প্রিমিয়ার লিগেই খেলতে পারবে।

প্রিমিয়ার লিগের শীর্ষ দুই ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাফুফের দলবদলের সময়সীমা রয়েছে। দলবদল থাকলেও বাফুফের ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া ৪ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে। বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী এখনো ফিফার নিষেধাজ্ঞা না উঠায় আজ এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ১ জুন থেকে ২০২৫-২৬ মৌসুমের দলবদল শুরু হওয়ার কথা থাকলেও আবাহনী ও বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞার জন্য কয়েক দফা পিছিয়ে ১০ জুলাই থেকে শুরু হয়। আবাহনী ইতোমধ্যে দু’টি নিষেধাজ্ঞা উঠালেও বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞার তালিকা দশের উপরই রয়েছে।

ঢাকা ওয়ান্ডারার্সের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন প্রিমিয়ার লিগে খেলার বিষয়ে বলেন, ‘আমরা দুই মাস আগেই চিঠি দিয়েছিলাম। অবশেষে আজ ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে। আমাকে নির্বাহী কমিটির একজন মৌখিকভাবে জানিয়েছে। স্বল্প সময়ের মধ্যেই আমরা ভালো দল গড়ার চেষ্টা করব। বিসিএলে আমাদের দলে খেলা ভালো খেলোয়াড়দের পাশাপাশি অন্য দলে খেলা খেলোয়াড়দের দলে টানব এবং বিদেশিও নেয়ার চেষ্টা করব।’

ঢাকা ওয়ান্ডারার্স এক মৌসুম আগে দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে উঠেছিল। এত দিন পর এসে টিকতে না পেরে চ্যাম্পিয়নশিপ লিগে অবনমিত হয়েছিল। এবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে তারা তৃতীয় হয়েছিল। চ্যাম্পিয়নশিপ লিগে চট্টগ্রাম সিটি চ্যাম্পিয়ন ও সিটি ক্লাব রানার্স আপ হয়ে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছিল।

কা হি / এনজি