নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, কানাডার হাইকমিশনার অজিত সিং এবং ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতগণ। সোমবার পৃথকভাবে তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন।
বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন ও বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন। এ ছাড়া মার্কিন দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় আগামী নির্বাচনসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
এর আগে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। সোমবার সকালে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে হাইকমিশনার সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাতের সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও উপদেষ্টা মাহাদী আমীন উপস্থিত ছিলেন। চেয়ারম্যানের দফতরের কর্মকর্তারা জানান, চেয়ারম্যানের সাথে হাইকমিশনার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।

এছাড়া তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতগণ। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলালের নেতৃত্ব ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত জার্মান, ফ্রান্স, সুইডেন ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতগণ বৈঠকে অংশ নেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহদী আমিন ও বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।
জানা গেছে, সাক্ষাতে আগামী নির্বাচন ও দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। ইউ ভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা জানান, তারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তারা চায় একটি সুষ্ঠুু ও নিরপেক্ষ নির্বাচন। এ জন্য ইউভুক্ত দেশগুলো সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
জা ই / এনজি






