রাত ১২:২৬ | সোমবার | ১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ২৭ মহর্‌রম, ১৪৪৮

টানা বৃষ্টিতে ঘরবন্দী অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান আব্বাস আলী ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই, ২০২৬
রাজধানীতে টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে নিম্নআয়ের খেটে খাওয়া বহু মানুষ ঘরবন্দী হয়ে পড়েছেন। কর্মস্থলে যেতে না পারায় বন্ধ হয়ে গেছে তাদের আয়-রোজগার। এমন পরিস্থিতিতে ঘরবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আব্বাস আলী ফাউন্ডেশন।
সংগঠনটির উদ্যোগে রাজধানীর কাফরুল থানার ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল, সুরুজ মিয়ার কলোনি, বরিশাইল্লা গলি, হিন্দুপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় আড়াই শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে শুকনা খাবার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, মুড়ি, বিস্কুট, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর কথা বিবেচনায় রেখে এই সহায়তা দেওয়া হয়।
এ সময় আব্বাস আলী ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ। কয়েক দিনের টানা বৃষ্টিতে অনেকেই ঘর থেকে বের হতে না পারায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন। তাদের এই সংকট কিছুটা লাঘব করতেই মানবিক দায়িত্ববোধ থেকে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, দুর্যোগের সময়ে সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে কাজ করতে না পারায় পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন। এমন সময়ে এই সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
স্থানীয় বাসিন্দারাও আব্বাস আলী ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল ও মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
জা ই / এনজি