২০০২ সালের পর আর ফিফা ফুটবল বিশ্বকাপ জেতা হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। এমনকি সর্বশেষ আসরগুলোয় কোয়ার্টার ফাইনালেই তাদের দৌড় থেমেছে। আরও একবার বড় আশা নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপের ২৩তম আসরে খেলতে গেছে কার্লো আনচেলত্তির দল। সেখানে ব্রাজিল শীর্ষ ফেভারিট দল নয় উল্লেখ করে এটিকে সুবিধাজনক মনে করছেন তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো।
রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে পা রাখা ব্রাজিলকে বর্তমানে বুকমেকাররা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স এবং ইংল্যান্ডের পেছনে রেখেছে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে এই মূল্যায়ন করা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ফিফার মিডিয়া চ্যানেলকে ক্যাসেমিরো বলেন, ‘আমরা সবচেয়ে বড় ফেবারিট নই। অবশ্যই আমরা ভালো অবস্থায় আছি।’
‘আমাদের শক্তিশালী স্কোয়াড রয়েছে, যেখানে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সুন্দর সমন্বয় আছে। সম্ভবত এবার আমরা এক ধাপ পিছিয়ে আছি, কিন্তু আমরা সতর্ক ও প্রস্তুত আছি, আর সেটি সবসময়ই ভালো বিষয়। আমরা ভালো অবস্থায় সেখানে যেতে চাই এবং একটি দুর্দান্ত বিশ্বকাপ খেলতে চাই’, আরও যোগ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।
বিশ্বকাপের বাছাইপর্বে সেলেসাওরা কঠিন পরিস্থিতি পার করে এসেছে স্বীকার করে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ব্রাজিল একটি ‘কঠিন চক্র’ পার করেছে। গত বছর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নতুন কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দেয় এবং একই সঙ্গে নির্বাচিত হন নতুন সভাপতিও। ক্যাসেমিরো বলছেন, ‘ম্যানেজার ও সভাপতি পরিবর্তন এবং অনেক অস্থিরতার কারণে এটি একটি কঠিন চক্র ছিল।’
বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আনচেলত্তির দল নিজেদের প্রথম ম্যাচে ১৪ জুন ভোরে নিউজার্সিতে মরক্কো, ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটিশদের মোকাবিলা করবে।
শা হা / এনজি






