আন্তর্জাতিক ডেস্ক
ভিসানীতিতে পরিবর্তন এনেছে ওমান। দেশটিতে এখন থেকে বিনা খরচে পর্যটন ভিসা পাওয়া যাবে। নতুন প্রবেশনীতির আওতায় দুই সপ্তাহের জন্য বিনামূল্যের পর্যটন ভিসা চালু করেছে দেশটি।
রোববার (২ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করা এবং পর্যটন খাতকে উৎসাহিত করার লক্ষ্যে ওমান ‘বিদেশিদের বাসস্থান আইন’ সংশোধন করেছে। এর মাধ্যমে নির্বাচিত কয়েকটি দেশের নাগরিক বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা পাবেন।
নতুন বিধান অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য দেশগুলোর নাগরিকদের বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দিতে পারবে।
এতে আরও বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দর্শনার্থীরা প্রযোজ্য শর্ত ও ফি পরিশোধের মাধ্যমে এটিকে অন্য যেকোনো ধরনের পর্যটন ভিসায় রূপান্তর করতে পারবেন।
গালফ নিউজ জানিয়েছে, কর্তৃপক্ষ এখনো যোগ্য দেশগুলোর তালিকা প্রকাশ করেনি। তবে উপযুক্ত কর্তৃপক্ষের নির্ধারিত দেশগুলোর নাগরিকরাই এ সুবিধা পাবেন।
ওমানের এ পদক্ষেপ আন্তর্জাতিক পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশের প্রক্রিয়া আরও সহজ করবে। এর ফলে ভ্রমণকারীরা আরও সহজ ও সুবিধাজনক অভিজ্ঞতা পাবেন।
সূত্র: গালফ নিউজ
আ ই / এনজি






