রাত ১২:২৪ | বৃহস্পতিবার | ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ৯ মহর্‌রম, ১৪৪৮

এবার নেইমারের পালা!

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগে নানা ঘটনায় বেশ উত্তাপ ছড়িয়েছে এবারের টুর্নামেন্ট। বল মাঠে গড়ানোর পর থেকে সেসব একের পর এক পেছনে পড়ছে। প্রতিদিন চারটি করে ম্যাচ হচ্ছে। প্রায় প্রতিদিনই নতুন নতুন সব রেকর্ড হচ্ছে। টিকিটের দাম নিয়ে সমালোচনা থাকলেও প্রায় প্রতি ম্যাচেই কানায় কানায় পূর্ণ গ্যালারি দেখা যাচ্ছে। 

গতকাল একই দিনে ভিন্ন চার ম্যাচে মেসি, হালান্ড, এমবাপে ও রোনালদো নেমেছিলেন। চার জনই তাদের দলকে জিতিয়েছেন এবং প্রত্যেকেই জোড়া গোল করেছেন। সবশেষ পর্তুগালের উজবেকিস্তানকে হারানোর ম্যাচে রোনালদোও জোড়া গোল করেছেন। ৪০ বছরের বেশি বয়সে তার এই পারফরম্যান্স বিশ্বকাপে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

সদ্যই মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে মেসি ১৮ গোলের নতুন রেকর্ড গড়েছেন বিশ্বকাপে। সেটা করেও খুব বেশি স্বস্তি নেই। ফ্রান্সের এমবাপে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছেন। এই বিশ্বকাপে এমবাপে ও হালান্ড ৪ গোল আর মেসি ৫ গোল করে বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন।

ব্রাজিলিয়ান তারকা নেইমারের গল্পটি অবশ্য ভিন্ন। আনচেলত্তি তাকে দলে নেবেন কি না এ নিয়ে বেশ সংশয় ছিল। শেষ পর্যন্ত তাকে নিয়েই আমেরিকায় এসেছে ব্রাজিল। চোটের কারণে প্রথম দুই ম্যাচ নেইমার খেলতে পারেননি। আগামীকাল (আজ) স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইতি ম্যাচের পরই আনচেলত্তি স্কটল্যান্ড ম্যাচে নেইমারকে খেলানোর কথা বলেছেন।

ব্রাজিল নিউইয়র্কে বেস ক্যাম্প করেছে। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ নিউ জার্সিতে খেলেছে। পরের ম্যাচ হাইতির বিপক্ষে নিউইয়র্ক থেকে ১৫০ মাইল দূরে ফিলাডেলফিয়ায়। গ্রুপের শেষ ম্যাচ ফ্লোরিডা রাজ্যের মায়ামিতে আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচ খেলতে আজ নিউইয়র্ক ছেড়ে মায়ামি পৌঁছে অনুশীলনও করেছে আনচেলত্তি শিষ্যরা।

 

 

কা হি / এনজি