রাত ৯:০৯ | মঙ্গলবার | ৪ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২০ সফর, ১৪৪৮

ইসরায়েলি আগ্রাসন বিশ্বের জন্য হুমকি : এরদোয়ান

সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। ইসরায়েলি এই আগ্রাসন পুরো বিশ্বের জন্যও হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পশ্চিম সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ তুরস্ক ইরান, গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার সবচেয়ে তীব্র সমালোচনাকারীদের অন্যতম। দেশটি বলছে, আঞ্চলিক শান্তির ক্ষেত্রে ইসরায়েলই সবচেয়ে বড় বাধা।

এরদোয়ানের মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তুরস্কের নেতা হলেন শেষ ব্যক্তি যিনি ইসরায়েল রাষ্ট্রকে নৈতিকতার শিক্ষা দিতে পারেন।

তিনি বলেন, ইসরায়েল এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরান ও তার প্রক্সিদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে; যারা মধ্যপ্রাচ্য ও সমগ্র বিশ্বের জন্য হুমকি।

সূত্র: রয়টার্স

আ ই / এনজি